নিজস্ব প্রতিবেদক: দরজায় কড়া নাড়ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬। নির্বাচন কমিশনের ১৪ সেপ্টেম্বরের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তৃতীয় ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ৩০ ডিসেম্বর।
নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ইতোমধ্যে মাঠে তৎপরতা শুরু করেছেন। ভোটারদের সঙ্গে গণসংযোগ, মতবিনিময় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নম্বর মৌগাছী ইউনিয়নে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইউনুস আলী মণ্ডল।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌগাছী বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা।
কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল।
শোভাযাত্রাটি মৌগাছী বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই বাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইউনুস আলী মণ্ডল বলেন, “আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে সবসময় আপনাদের কাছে দায়বদ্ধ থাকব। আমি শাসক হিসেবে নয়, জনগণের একজন সেবক হিসেবে আজীবন আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনুস আলী মণ্ডলের এই কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের দাবি, শোভাযাত্রায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ নম্বর মৌগাছী ইউনিয়ন থেকে বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান পদে প্রার্থিতার আগ্রহ প্রকাশ করেছেন ছয়জন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকেও একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে গণসংযোগ করছেন বলে জানা গেছে।
সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং নিজেদের পক্ষে সমর্থন চাইছেন। এতে নির্বাচনের আগে থেকেই ইউনিয়নের রাজনৈতিক মাঠে তৎপরতা বাড়তে শুরু করেছে।
তবে দলীয় মনোনয়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলছেন, দল থেকে শেষ পর্যন্ত যাকে মনোনয়ন দেওয়া হবে, নেতাকর্মীরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এদিকে নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে সাত ধাপে ভোট আয়োজনের কথা রয়েছে। প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর। পরবর্তী ধাপগুলোর সম্ভাব্য তারিখ ২০২৭ সালের ১৭ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২২ এপ্রিল ও ২৭ মে।
তবে চূড়ান্ত তফসিল ও সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটের ধাপ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
মৌগাছী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ায় স্থানীয় রাজনীতিতেও নির্বাচনী আবহ তৈরি হয়েছে। বিভিন্ন প্রার্থীর গণসংযোগ ও কর্মসূচি অব্যাহত থাকলেও শেষ পর্যন্ত ভোটারদের ভোটেই নির্ধারিত হবে ইউনিয়নের পরবর্তী চেয়ারম্যান কে হচ্ছেন।
এ জাতীয় আরো খবর..