|
ad728
ad728

রাজশাহী হবে আরও আধুনিক ও পরিচ্ছন্ন নগরী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রিপোর্টারের নামঃ KHALID MAHMUD
  • আপডেট টাইম : 25-03-2026 ইং
  • 274 বার পঠিত
রাজশাহী হবে আরও আধুনিক ও পরিচ্ছন্ন নগরী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ছবির ক্যাপশন: রাজশাহীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রাজশাহী প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজশাহী ইতোমধ্যে দেশের অন্যতম সুন্দর, সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিতি পেয়েছে। আগামীতে এ নগরীকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা হবে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা রাজশাহীতে এসে এখানকার কার্যক্রম থেকে অভিজ্ঞতা নিতে পারবেন। রাজশাহীর পরিবেশগত উন্নয়ন ও সেবার মান আরও বাড়াতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, দেশের জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়া ও চীনের মতো দেশে বর্জ্যকে সম্পদে রূপান্তরের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, রাজশাহীতেও বর্জ্য থেকে গ্যাস ও জৈব সার উৎপাদনের উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে নতুন প্রকল্প গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী প্রদান এবং খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছর থেকে এসব কর্মসূচি বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্থ বিকাশে খেলাধুলার গুরুত্ব বাড়াতে প্রাথমিক স্তর থেকেই পাঠ্যক্রমে খেলাধুলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্কুল ছুটির পর মাঠ খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং কন্টেন্ট ক্রিয়েটরদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। আরও বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মেদ আল মঈন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।

রাসিক সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান, সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এর আগে সকালে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান রাসিক প্রশাসক। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর এলাকায় নির্মাণাধীন একটি সেতুর কাজ পরিদর্শন করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
2026 © সকল কিছুর স্বত্বাধিকারঃ তথ্য প্রকাশ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ