প্রিন্ট এর তারিখঃ May 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আকরাম (৬০) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন দেয়।
মঙ্গলবার (৫ মে) সকাল সাতটার দিকে পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরামের বাড়ি রাজশাহীর সরদা থানাপাড়া এলাকায়। তিনি পেশায় একজন দরজি ছিলেন এবং বিড়ালদহ মাজার সংলগ্ন এলাকায় তার একটি টেইলারের দোকান ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাশতা শেষে আকরাম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নাটোরগামী বালুবাহী দুটি ডাম্প ট্রাক দ্রুতগতিতে যাচ্ছিল। এর মধ্যে একটি ট্রাক তাকে চাপা দিয়ে বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। তারা মহাসড়ক অবরোধ করে এবং দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলে ভিডিও ধারণকারীদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভাঙচুর করা হয় এবং কয়েকটি ফোন আগুনে পুড়িয়ে ফেলা হয়। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়।
পরে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
স্থানীয়রা ওই এলাকায় দিনের বেলায় ডাম্প ট্রাক চলাচল বন্ধ এবং সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান। পুলিশ এসব দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, উত্তেজিত জনতার কারণে শুরুতে ঘটনাস্থলে যেতে তারা শঙ্কা বোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ তথ্য প্রকাশ